দেশের ৯৭০টি সরকারি কলেজকে শিক্ষার্থী সংখ্যা, অনার্সের বিষয়, সংখ্যা ও পাঠাক্রমের ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রশাসনিক প্রয়োজনে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সাবসিডিয়ারি), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
৮ হাজারের বেশি শিক্ষার্থী ও ১০ টির বেশি বিষয়ে অনার্স কোর্স চালু থাকা ৮১টি কলেজ ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। খবর বিডিনিউজের
‘বি’ ক্যাটাগরিতে রয়েছে ৭৪টি কলেজ, যেগুলোর শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৪ থেকে ৮ হাজার এবং অনার্সের বিষয় ৫ টির বেশি।
‘সি’ ক্যাটাগরিতে স্থান পাওয়া ৭০৮টি সরকারি কলেজে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৪ হাজারের কম এবং অনার্সের বিষয় ১ থেকে সর্বোচ্চ ৪টি।
‘ডি’ ক্যাটাগরিতে রয়েছে ১০৭টি সরকারি কলেজ, যেখানে শুধু উচ্চমাধ্যমিক পর্যায় চালু আছে।











