৫ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম সোনা জব্দ

1

নিজস্ব প্রতিবেদক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে নিয়ম অনুযায়ী ৫০০ গ্রাম স্বর্ণ ফেরত দেওয়া হলেও বাকি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রীদের তল্লাশির সময় এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, জেদ্দা ফেরত পাঁচ যাত্রী জেসমিন আক্তার, মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কাজী মনোয়ারা বেগম ও ইয়াসমিন আক্তারের কাছ থেকে এসব স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী প্রত্যেক যাত্রী ১০০ গ্রাম স্বর্ণ বহনের অনুমতি পান। কিন্তু তাদের কাছ থেকে নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত স্বর্ণ পাওয়া যায়।
তল্লাশিতে জেসমিন আক্তারের কাছে ২০০ গ্রাম, মো. নাসিরের কাছে ২৫০ গ্রাম, মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম, কাজী মনোয়ারা বেগমের কাছে ২৫০ গ্রাম এবং ইয়াসমিন আক্তারের কাছে ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। সব মিলিয়ে মোট ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়। এর মধ্যে ৫০০ গ্রাম স্বর্ণ ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ফেরত দেওয়া হয়, আর অতিরিক্ত ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, প্রতিটি যাত্রীর কাছ থেকেই সীমার বেশি স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী নির্ধারিত ১০০ গ্রাম করে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর অতিরিক্ত অংশ নিয়ম অনুযায়ী জব্দ করা হয়েছে। যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।