নিজস্ব প্রতিবেদক
আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা ও কুয়াশার পরিস্থিতিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নতুন পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে আগামী দুই দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও এর পরবর্তী তিন দিনে তাপমাত্রা আবার কমে যেতে পারে। একই সঙ্গে বেশ কয়েকটি অঞ্চলে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের গতকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে। এ সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে ভোরের দিকে দেশের কয়েকটি অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়া থাকবে শুষ্ক। তবে ভোরে কুয়াশা নামার প্রবণতা বাড়বে। একই সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এ অবস্থায় ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা সময়ের সঙ্গে আরও ঘনীভ‚ত হওয়ার সম্ভাবনা রয়েছে।











