বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭৫৫টি পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৪ ডিসেম্বর থেকে এ বিসিএসের আবেদন শুরু হবে, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে ৬৫০ জন ও প্রশাসনে ২০০ জন নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। খবর বিডিনিউজের
বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ((www.bpsc.gov.bd) অথবা বাংলাদেশ টেলিটকের ওয়েবসাইটের (http://bpsc.teletalk.com.bd) মাধ্যমে ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এ বিসিএসের আবেদন ফি ২০০ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা।
২০২৫ সালের ১ নভেম্বর যেসব প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছর, সর্বনিম্ন ২১ বছর-তারা এ বিসিএসে আবেদন করতে পারবেন। দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। প্রশ্ন থাকবে ২০০টি। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে। এক বছর সময়ের মধ্যে এ বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনা বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের ৩০ জানুয়ারি হতে পারে। ফল প্রকাশ হবে ১০ ফেব্রুয়ারি। ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে ফল প্রকাশের সম্ভাব্য তারিখে নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই। ১০ অগাস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ২৫ নভেম্বর ফল প্রকাশ করা হবে। এ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা কমিশনের প্রধান কার্যালয়ে হবে। কেন্দ্র পরিবর্তনের কোন আবেদন গ্রহণ করা হবে না।











