পূর্বদেশ ডেস্ক
পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে অস্ত্র আইনের মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার মহানগর হাকিম পার্থ ভদ্র তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানান। খবর বিডিনিউজের।
আসামিরা হলেন- মো. ফারুক হোসেন ফয়সাল ওরফে কুত্তা ফারুক (৩৮), রবিন আহম্মেদ ওরফে পিয়াস (২৫), মো. রুবেল (৩৪), শামীম আহম্মেদ (২২) ও মো. ইউসুফ ওরফে জীবন (৪২)।
পুলিশ বলছে, এদের মধ্যে ফারুক ও রবিন সরাসরি হত্যায় অংশ নেন; তারাই গুলি করেন। খবর বিডিনিউজের।
ফারুক, রবিন, শামীম ও রুবেলকে মঙ্গলবার রাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। আর ঢাকার রায়েরবাজার থেকে গ্রেপ্তার করা হয় ইউসুফকে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিমের ইন্সপেক্টর মো. সাজ্জাদ হোসেন আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামিরা সংঘবদ্ধ সশস্ত্র অপরাধী চক্রের সক্রিয় সদস্য। পরস্পর সহযোগিতায় দীর্ঘদিন ধরে ‘টাকার বিনিময়ে’ ঢাকা মহানগরীসহ আশপাশের এলাকায় ‘হত্যা, ডাকাতি আর ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন’।
আবেদনে আরও বলা হয়, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য, অস্ত্রের সন্ধান ও সহযোগীদের ব্যাপারে তথ্য জানা ও তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডের প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে জামাল উদ্দিন মার্জিন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ আইনজীবী বলেন, যেহেতু তারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের বিষয়ে রাষ্ট্র কঠোর অবস্থানে। দেশে ‘হ-য-ব-র-ল’ অবস্থা। তারা আরও কী করে না করে। তাদের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।
আসামিদের পক্ষে অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ রোমান রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ডের আদেশ দেয়।











