২ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

1

 

উখিয়া প্রতিনিধি

উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুমে অভিযান চালিয়ে ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চলাকালে বিএইচবি ইটভাটা ও জেএসবি’র ইটভাটার চুল্লি, চিমনি ও কাঁচা ইট এস্কেভেটরের সাহায্যে বিনষ্ট করা হয়।
অভিযানে অংশ নেন বান্দরবান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ। বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল।
অভিযানে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী সরকার অনুমোদিত পদ্ধতি অনুসরণ করতে হয়। এসব ইটভাটায় তার কোনোটাই অনুসরণ করা হয়নি। এমনকি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর থেকেও কোনো লাইসেন্স নেওয়া হয়নি। কিন্তু তারা ইট প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে। তাই আজ জেলা প্রশাসনের আদেশ মতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভাটা ভেঙে দেয়ার পরেও যাতে পুনরায় চালু করতে না পারে, সেজন্য নজরদারি অব্যাহত থাকবে।