২৮ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

1

মিরসরাই প্রতিনিধি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলো লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বসুদুহিতা এলাকার আব্দুল খালেকের ছেলে মাইক্রোবাস চালক ইয়াছিন আরাফাত (২৬), বেলাল হোসেনের ছেলের মিঠু (২৮), কৃষ্ণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে জসিম উদ্দিন (৩৯), লতিফপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাজিব (২৭) ও দেওপাড়া এলাকার অজিউল্লাহর ছেলে শুভ (২৪)।
র‌্যাব-৭ গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তার ৫ আসামিকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে। একইদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৫ মাদক কারবারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থেকে মাইক্রোবাসযোগে কক্সবাজারে মাদক পাচার করছিল। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা মাইক্রোবাসের ভিতরে থাকা লোকজন র‌্যাবের উপস্থিতি দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, মাইক্রোবাসের পেছনের অংশে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা থেকে ২৮ গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের গ্রেপ্তার ব্যক্তিদের জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, র‌্যাব-৭ মঙ্গলবার সকালে ৫ জন আসামি থানায় হস্তান্তর করেছে। একই দিন দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।