নিজস্ব প্রতিবেদক
মাত্র ২৬ দিনের মাথায় চট্টগ্রামে আবারও জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার একযোগে চট্টগ্রামসহ দেশের ২৩ জেলায় পদায়ন করা হয়েছে নতুন ডিসি। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক নিযুক্ত করার বিষয়টি জানানো হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারই অংশ হিসেবে ২৩ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে বদলি ও পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে এবার দু’টি পৃথক আদেশে ২৩ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতের প্রথম প্রজ্ঞাপনে ৯ জেলা প্রশাসককে পদায়নের কথা বলা হলেও পরে ২ জনের আদেশ বাতিল করা হয়। দ্বিতীয় প্রজ্ঞাপনে ১৫ জেলায় নতুন ডিসি পাঠানোর কথা জানায় জনপ্রশাসন। আগের দুই ডিসির বদলির আদেশ বাতিল করা হয়। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে মোট ৫০ জেলা নতুন ডিসি পেল।
এদিকে গতকাল বৃহস্পতিবার চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনারও দিয়েছে সরকার। এরমধ্যে তিনজন নতুন এবং একজনকে এক বিভাগ থেকে অন্যত্র বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানা গেছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক জারি করা হয়।
এর মধ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে খুলনায় বদলি করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহী, ভ‚মি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশাল এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ্ শাম্মীকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
প্রথমে ৯ জেলায় ডিসি বদলি
বৃহস্পতিবার রাতের প্রথম প্রজ্ঞাপনে ৯ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়। তাদের মধ্যে নারায়ণগঞ্জের ডিসিকে চট্টগ্রামে বদলি করা হয়। বাকি আট জেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে পাঠানো হয়েছে। আর আট জেলার ডিসিকে সরিয়ে এনে উপসচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে।
নতুন ডিসি পাওয়া এসব জেলা হল- চট্টগ্রাম, লক্ষীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, ল²ীপুর, চট্টগ্রাম, নেত্রকোণা ও কুমিল্লার ডিসিকে বদলি করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ফিরিয়ে আনা হয়েছে।
এদিন রাতে আরেক আদেশে ঢাকাসহ আরও ১৪ জেলায় নতুন ডিসিকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে ঢাকা, পাবনা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা ও রাঙামাটিতে নতুন জেলা প্রশাসকের দায়িত্বে পাঠানো হয় কর্মকর্তাদের। এর মধ্যে ঢাকা ও গাজীপুরে নতুন করে ডিসি বদল করা হয়। এর আগে ৮ নভেম্বরের আদেশে ঢাকা ও গাজীপুরে নতুন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের বদলীর পর ২ দফা জেলা প্রশাসক হিসেবে চট্টগ্রামে ২ জনকে পদায়ন করা হয়। গত ১৯ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের ২৬ দিনের মাথায় তাকে বদলী করে নতুন জেলা প্রশাসক হিসেবে জাহিদুল ইসলাম মিঞাকে পদায়ন করা হলো চট্টগ্রামে।










