স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে টানা ২৬তম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। গতকাল বৃহস্পতিবার তাদের পদযাত্রা নিয়ে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ঘেরাওয়ে যাওয়ার কথা থাকলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
এমপিওহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি বেতনভাতার তালিকাভুক্ত বা এমপিওভুক্ত করার দাবিতে ‘ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ ব্যানারে এ কর্মসূচি চালাচ্ছেন শিক্ষকরা। খবর বিডিনিউজের
পরিষদের সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক গতকাল বৃহস্পতিবার বিকালে বলেন, ‘দুপুরে আমাদের নেতাদের সঙ্গে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কথা হয়েছে। তারা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় যে এমপিও নীতিমালার খসড়া অর্থ বিভাগে পাঠিয়েছিল সেটিতে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। এবার শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত নীতিমালা জারি করে ওই নীতিমালা অনুসারে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ করবে বলে আশা করছি’।
তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের কাজ শেষ হয়ে যাওয়া আমরা ওই মন্ত্রণালয় ঘেরাওয়ের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছি। শিক্ষা মন্ত্রণালয় নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে’
গত ২ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন ‘দীর্ঘদিন বেতন না পাওয়া’ ননএমপিও শিক্ষকরা। গত রমজান মাসেও তারা একই দাবিতে ১৭ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।
অধ্যক্ষ মুনিমুল হক বলেছিলেন, ‘সেসময় মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব মহোদয় শিক্ষকদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সে আশ্বাস আলোর মুখ দেখেনি। এদিকে বেতন-ভাতা না পাওয়া ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বেতন না পেয়ে আমরা আর্থিক সংকটে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। সরকারকে এমপিও নীতিমালা ও পরিপত্রের অসম খেলা বন্ধ করে সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আহবান জানাই। তা না হলে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবি আদায় করব’।









