লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় দীর্ঘ ১৪ বছর পর অবশেষে নিজের জমির দখল ফিরে পেয়েছেন প্রকৃত মালিক স্বরূপ কান্তি দাশ। আদালতের নির্দেশনায় প্রায় ১৫৬ শতক জমি সোমবার(২৫ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে তার কাছে জমি হস্তান্তর করা হয়। আদালতের প্রতিনিধি দল ঢাকঢোল পিটিয়ে জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া সিভিল জজ কোর্ট সাতকানিয়া চৌকির নাজির আকাশ কান্তি নাথ, সার্ভেয়ার অভি দাশ, পদুয়া ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এহেসানুল হক, লোহাগাড়া থানা পুলিশের একটি টিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বহুদিনের আইনি লড়াই শেষে নিজের পৈত্রিক জমি ফিরে পেয়ে স্বরূপ কান্তি দাশ ও তার পরিবার স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। এলাকাবাসীও ঘটনাটি ঘিরে সন্তোষ প্রকাশ করেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে বিরোধ চলে আসছিল। বিভিন্ন জটিলতা ও মামলার কারণে প্রকৃত মালিক স্বরূপ কান্তি দাশ জমিটির দখল থেকে বঞ্চিত ছিলেন। আদালতের চূড়ান্ত রায়ের পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জমিটি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। জমি বুঝে পাওয়ার পর স্বরূপ কান্তি দাশ আদালত, প্রশাসন এবং যারা আইনগত সহায়তা দিয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ১৪ বছর পর নিজের জমি ফিরে পেয়ে আমার পরিবারের চোখে আনন্দের অশ্র”। ন্যায় বিচার পাওয়ার মাধ্যমে আমরা নতুন করে বাঁচার সাহস পেলাম।” তবে আমাকে প্রতিপক্ষরা প্রচুর হুমকি-ধমকি দিচ্ছে। আদালত এবং প্রশাসন তো চলে যাবে আমার জীবনের কোন নিরাপত্তা নাই কখন এসে আমার উপর হামলা করে। আমি আমার নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে স্বরূপ কান্তি দাশ তার ন্যায্য সম্পত্তি ফিরে পাওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।










