পূর্বদেশ ডেস্ক
চট্টগ্রামে ভূমিকম্পের ঝাঁকুনিতে সাততলা একটি ভবন পাশেরটির দিকে হেলে পড়েছে। নগরীর ডবলমুরিং থানার মনছুরাবাদ মিয়াবাড়ি সড়কের ওই ভবনটি সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের মালিকানাধীন।
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘সাবেক সিটি মেয়র মনজুর আলমের মালিকানাধীন সাততলা ভবনটি ভূমিকম্পে পাশের ভবনের দিকে হেলে পড়েছে বলে স্থানীয়দের ভাষ্য। খবর পেয়ে আমরা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়েছিলাম। কেউ কেউ বলছে ভবনটি আগে থেকেই হেলানো ছিল। আবার কেউ বলছে ভূমিকম্পে হেলে গেছে’। খবর বিডিনিউজের
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বলছে, সাততলা ওই ভবনে ১০টি পরিবার বসবাস করে। ভবনের নিচতলায় ডায়াবেটিস পরীক্ষা নিরীক্ষার একটি কেয়ার সেন্টার আছে।
পুলিশের মত ফায়ার সার্ভিসও বলছে, ভবনটি আগে থেকেই হেলানো ছিল বলে অনেকেই বলছে। ভূমিকম্পে আরেকটু হেলে গেছে।
গতকাল শুক্রবার সকালে ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭; উৎপত্তিস্থল ছিল ঢাকার পাশে নরসিংদীর মাধবদীতে।
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে দেশের তিন জেলায় শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। এ ভ‚মিকম্পে রাজধানী ঢাকায় বেশকিছু ক্ষয়-ক্ষতি হলেও চট্টগ্রাম নগরীতে তেমন কোনো ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।











