হিউম্যানয়েড রোবট নিয়ে হুজুগ, সতর্ক করলো চীন

1

পূর্বদেশ ডেস্ক

হিউম্যানয়েড রোবট নিয়ে হুজুগ তৈরি হচ্ছে, যা নিয়ে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন’-এর মুখপাত্র সতর্ক করে বলেছেন, হিউম্যানয়েড রোবট শিল্পে বড় ধরনের বুদ্বুদ তৈরি হচ্ছে।
চীনা সংস্থাটির এ সতর্কতা এমন সময়ে এল যখন এরইমধ্যে এ সংশ্লিষ্ট আরেকটি খাত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে তৈরি বুদ্বুদ ফেটে যাওয়ার আশঙ্কা বাড়ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ। খবর বিডিনিউজের।
এক সংবাদ ব্রিফিংয়ে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মুখপাত্র লি চাও বলেছেন, চীনের হিউম্যানয়েড রোবট শিল্পকে ‘এ ধরনের রোবট তৈরির গতি বেড়ে যাওয়া ও বুদ্বুদের ঝুঁকি’ এ দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে।
তিনি আরও বলেছেন, এই খাতে প্রচুর বিনিয়োগ এলেও এসব রোবটের ব্যবহারিক প্রয়োগের প্রমাণ এখনও খুবই সীমিত পরিসরে রয়েছে, ফলে ঝুঁকি দেখা দিচ্ছে। গবেষণা ও উন্নয়নে তহবিল কমতে থাকলে বাজারে ‘এক রকমের বা খুবই মিল রয়েছে’ এমন অসংখ্য মডেল আসতে পারে, যা এ পরিস্থিতিকে আরও জটিল করবে।
লি বলেছেন, চীনে দেড়শটিরও বেশি হিউম্যানয়েড রোবট নির্মাতা কাজ করছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি স্টার্টআপ বা অন্যান্য খাত থেকে নতুনভাবে যোগ হওয়া কোম্পানি।
চীন সাধারণত হিউম্যানয়েড রোবট প্রযুক্তিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে এবং ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নতির মূল শক্তি হিসেবে দেখে। ফলে সবসময় এই খাতকে উৎসাহই দিয়ে এসেছে চীন।
তবে এবারই প্রথমবারের মতো এ খাতে বিপদের ঝুঁকি নিয়ে সতর্ক করল দেশটি, যেমনটি কমই দেখা যায়।
এ বছরের গোড়ার দিকে ‘এম্বডিড ইন্টেলিজেন্স’ বা হিউম্যানয়েড রোবট প্রযুক্তির মূল ভিত্তিকে জাতীয় অগ্রাধিকারের প্রযুক্তি হিসেবে চিহ্নিত করেছে চীন। এ প্রযুক্তি রোবটকে মানুষের মতো দেখতে, নড়াচড়া করতে ও পরিবেশ বুঝতে সাহায্য করে।