হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

1

পূর্বদেশ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। এ অবস্থায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।
ডা. জাহিদ হোসেন বলেন, চেয়ারপার্সন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন। খবর বাংলানিউজের।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার (২৩ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
বিএনপির একটি সূত্র জানায়, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত খোঁজখবর রাখছেন। ঢাকায় তার পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।