নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবকের ‘ছুরিকাঘাতে’ আরেক যুবক খুন হয়েছেন। গত শুক্রবার রাতে নগরীর হালিশহর মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. আকবর (৩৫) ওই এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বলেন, পরিবারের সদস্যরা রাত ১১ টার দিকে আকবরকে হাসপাতালে নিয়ে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আকবরের ছোট বোন সায়মা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তাদের প্রতিবেশী রানা নামে এক যুবক পাওনা টাকা আদায়ের জন্য তার এক বন্ধুর মোটরসাইকেল রেখে দিয়েছিলেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় আকবর ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন, পরে তাকে ছুরিকাঘাত করা হয়।সায়মার দাবি, ‘যার মোটরসাইকেল আটকে রাখা হয়েছিল তিনি কিছু লোকজন ডেকে আনেন। পরে কয়েকটি মোটরসাইকেলে করে আসা ওইসব লোক গালিগালাজ করে আমার ভাইকে ছুরিকাঘাত করে। তারা ব্যাগে করে ধারালো অস্ত্রও নিয়ে এসেছিল’।
তার অভিযোগ, সোহেল নামে স্থানীয় এক ‘সন্ত্রাসী’ এ হামলার নেতৃত্ব দেন এবং আকবরকে আঘাত করেন।
এ বিষয়ে হালিশহর থানার ওসি জাকির হোসেনকে ফোন করা হলেও তিনি ধরেননি।










