হালদার পোনা দেশে কার্প জাতীয় মাছের মজুত বাড়াবে

1

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হালদার মা-মাছের রেণু থেকে উৎপাদিত পোনা নদীর কার্প জাতীয় (রুই, কাতাল, মৃগেল ও কালিবাউশ) মাছের মজুত বাড়াবে। ভবিষ্যতে এই পোনা বড় হয়ে হালদা নদীতে প্রজননক্ষম মাছ হিসেবে ডিম ছাড়বে। যা হালদার মৎস্য ভান্ডারকে সমৃদ্ধ করবে।
গতকাল মঙ্গলবার হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রুহুল্লাপুর এলাকার সত্তারঘাট এলাকায় দেশের অন্যতম মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক হালদা নদীতে প্রজননক্ষম মা মাছের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরগুলোকে নিয়মিত অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশেদ, জাতীয় মৎস্য পদকপ্রাপ্ত কামাল উদ্দীন সওদাগর ও শফিউল আলমসহ হালদা পারের ডিমসংগ্রহকারী ও মৎস্যজীবীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় ধাপে ধাপে হালদার রেণু থেকে উৎপাদিত ৫০০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা হালদা নদীতে ছাড়া হবে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ৩০ কেজি পোনা অবমুক্ত করা হয়। এসব পোনা উপজেলার মাছুয়াগোনা হ্যাচারি থেকে লালন করা হয়। এ পোনা পরবর্তীতে মা-মাছ হিসেবে হালদা নদীতে ডিম দিবে।
এ ব্যাপারে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী জানান, চলতি বছর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন প্রতিক‚ল পরিস্থিতির কারণে হালদা নদীতে ব্রুড মাছের পরিমাণ দিনদিন আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে। মূলত ব্রæড মাছের উৎপাদন বৃদ্ধির জন্য পোনা অবমুক্তি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক জনসেবা নিশ্চিত করা ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা-জবাবদিহিতা আরও শক্তিশালী করতে দিনব্যাপী নানা কর্মসূচি পরিচালনা করেন। এরই অংশ হিসেবে হাটহাজারী মডেল থানা, সহকারী কমিশনার (ভূমি) অফিস, ইউনিয়ন ভ‚মি অফিস, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী বড় মাদ্রাসা) ও হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। জেলা প্রশাসকের এ পরিদর্শনে হাটহাজারীর উন্নয়ন, শিক্ষা ও সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন।
এদিকে, পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের ৪৮০ জন নারী শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য শিক্ষা উপকরণ এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জামাদি বিতরণ করেন তিনি। তার আগে জেলা প্রশাসক পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পৌঁছলে তাকে প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি উপজেলার উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭২০ জন কৃষকের মাঝে সার ও বীজসহ কৃষি উপকরণ এবং ৫ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক। একই সঙ্গে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সেরও উদ্বোধন করেন তিনি।
দিনের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।