হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলা এবং অস্ত্র ও মামদকসহ ১৬ মামলার আসামি, হাটহাজারীর আলোচিত যুবলীগ নেতা মো. হানিফ (৪৩) অবশেষে থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রুপম নাথ। এর আগে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা মো. হানিফকে তার বসতঘর থেকে থানা পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হানিফ উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফতেপুর গ্রামের সহয্যা পাড়া এলাকার ফজল চেয়ারম্যান বাড়ির নুর মোহাম্মদ প্রকাশ নূর আহাম্মদের পুত্র। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হানিফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় ১৪টি ও রাউজান থানায় দুইটি মামলা রয়েছে।
প্রসঙ্গত, চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় তার নাম রয়েছে। হানিফের বিরুদ্ধে মাদক ব্যবসা, গাছ বিক্রি, চাঁদাবাজি, স্থানীয় ও চবি শিক্ষার্থীদের ওপর হামলা এবং অবৈধ দখলের অভিযোগ রয়েছে।
তার রিরুদ্ধে ১৬টি মামলা থাকলেও হানিফ এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচি ঘোষণার পর তাকে গ্রেপ্তার করতে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, কিছুক্ষণ আগে (গতকাল সন্ধ্যায়) হানিফকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।











