হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার

8

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আবিদুল হাসান (৩৫) ও ইফতেখার রাহাত (৩০) নামে দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। গত শনিবার রাত সাড়ে তিনটার দিকে সড়কের চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রিঘাটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরের চাঁনগাজী চৌধুরী বাড়ির মো. ইউসুফের ছেলে এবং আবিদুল হাসান ওই বাড়ির মৃত নুর আহমদ চৌধুরীর ছেলে।
স্থানীয় বাসিন্দা সহকারী অধ্যাপক মো. আহসান আরিফ চৌধুরী জানান, ইফতেখার রাহাত নগরীর মনছুরাবাদে গণপূর্ত উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আগামী মাসে রূপালী ব্যাংকে তার যোগদান করার কথা ছিল।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
চমেক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাহাত এবং চমেকে নেওয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়। এ সময় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামে আরেকজন গুরুতর আহত হন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। গতকাল রবিবার হাটহাজারী মাদ্রাসা মাঠে আসরের নামাজের পর জানাজা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।