হাটহাজারীতে মদসহ বাস চালক গ্রেপ্তার

3

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদসহ রেজাউল করিম (৩৫) নামের এক বাসচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রেজাউল খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ির জসিম উদ্দিনের ছেলে।
গতকাল সোমবার বিকেল ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার সাইফুর রহমান।
এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভার আব্বাছিয়ার পুল এলাকায় বিভিন্ন যানবাহন তল্লাশীকালে পালিয়ে যাওয়ার সময় রেজাউল করিমকে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করেন।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী বাসযোগে কিছু মাদক ব্যবসায়ী বিদেশি মদ নিয়ে চট্টগ্রামের দিকে আসার সংবাদ পায় র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই মহাসড়কের হাটহাজারী পৌরসভার আব্বাছিয়ার পুল এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে পৌঁছালে একটি বাস র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা বাসের চালক রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। পরে বাসের বাম বক্স থেকে লুকানো ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। চালককে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।