হাটহাজারীতে পাহাড় কাটায় যুবক কারাগারে

0

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড় কেটে ১৫ দিনের বিনাশ্রম কারাবাসে পাঠানো হয়েছে এক ব্যক্তিকে। একই সাথে তাকে জরিমানা করা হয়েছে ২ লক্ষ টাকা। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাহাড় কাটার দায়ে এই দন্ড প্রদান করা হয়। এছাড়াও পাহাড় কাটায় ব্যবহৃত একটি চাঁদের (জীপ) গাড়িও জব্দ করা হয়।
দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. কায়েছ। কারাদন্ড ও জরিমানা- উভয়দন্ডে দন্ডিত ব্যক্তি মো. কায়েছ উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট এলাকার আবদুর রহমান টেন্ডলের বাড়ির মহরম আলীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সবুজ টিলা নামক স্থানে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) শাহেদ আরমান।
তিনি জানান, পাহাড় কাটার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য পরিবেশ অধিদপ্তরে তথ্য প্রেরণ করা হয়েছে।
মাটি কাটা, পাহাড় কাটার বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিবে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, অভিযান পরিচালনাকালে একজন আসামিকে পরিবেশ সংরক্ষণ আইনে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখ টাকা অর্থদন্ড এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া মাটি বহনকারী জিপ গাড়িটি জব্দ করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।