হাটহাজারীতে দুই অজ্ঞাত লাশ উদ্ধার

8

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে একদিনে দুই অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন পুরুষ (৫০) এবং অন্যজন মহিলা (৩০)। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া।
জানা যায়, গতকাল সকালে পৌরসভার আলমপুরে একটি মাছের প্রজেক্টের পাড় থেকে অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ এবং উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকায় কুয়াইশ খালের স্লুইস গেটের সাথে আটকে থাকা অবস্থায় ওই মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক সালাউদ্দীন সেলিম জানান, পৌরসভার আলমপুর জুন নুরাইন মাদ্রাসার দক্ষিণ পাশে মাছের প্রজেক্টের পাড় থেকে উদ্ধার করা অজ্ঞাত ওই পুরুষের শরীরে কোন দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
অন্যদিকে, উপজেলার মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকার কুয়াইশ খালের উপর নির্মিত পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেটে আটকে থাকা এক মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা পুলিশেকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ওই মহিলার অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি তাদের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে।