হাটহাজারীতে দুইদিনে ৩ অজ্ঞাত লাশ উদ্ধার

6

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ধলই ইউনিয়নের মনিয়া পুকুরের পশ্চিমে রেললাইন এলাকার একটি ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয় বলে জানান হাটহাজারী মডেল থানার এসআই আল আমিন।
এনিয়ে হাটহাজারীর বিভিন্ন এলাকা থেকে দুইদিনে নারীসহ ৩ জনের লাশ পাওয়া গেল। তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বলছে, উদ্বেগের কিছু নেই। তিনটি লাশের মধ্যে দুইজন ভিক্ষুক। এর মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ওই ডোবার মধ্যে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। স্থানীয়রা জানান, গতকালও ওই বৃদ্ধাকে এলাকায় ভিক্ষা করতে দেখেছেন।
প্রসঙ্গত, গত সোমবার সকালে পৌরসভা এলাকা থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ ও উপজেলার বুড়িশ্চর থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছিল।
হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ধলই ইউনিয়নের মনিয়া পুকুরের পশ্চিমে রেললাইন এলাকা থেকে উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা গেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, উদ্বেগের কিছু নেই। উদ্ধারকৃত তিনটি লাশের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম মনি রাজ। তিনি পেশায় ভিক্ষুক, তার বাড়ি জামালপুর জেলা সদরে। লাশটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন এলাকা থেকে মহিলার লাশ উদ্ধারের ঘটনায় থানা পুলিশ বাদী একটি হত্যা মামলা রুজু করেছে এবং এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।