হাটহাজারীতে চালকের লাশ উদ্ধার

0

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে জাফর আহম্মদ (৬৪) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক রুপম নাথ। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এক অটোরিকশা চালকসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে।
এর আগে বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে হাটহাজারী মডেল থানাধীন চৌধুরীহাটের পশ্চিমে চসিক দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফকিরখীল ঠান্ডাছড়ি এলাকার সোলেমান কোম্পানির বাড়ির পূর্বে দিকে পরিত্যক্ত তেল ফ্যাক্টরির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাফর চসিক পাহাড়তলী ওয়ার্ডের মাহমুদাবাদ এলাকার রিয়াজ উদ্দিনের বাড়ির মৃত নজির আহম্মদের পুত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় এক সিএনজি চালক ও দুইজন নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-হাটহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের মৌলভী পাড়া সিদ্দিকের বাড়ির মৃত আব্দুল করিমের পুত্র মো. রুবেল (৩২), উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট এলাকার নেতা মনজুর বাড়ির মৃত নাছির উদ্দিনের কন্যা জান্নাতুল ফারিয়া রিয়া প্রকাশ রিয়া মনি (২০) ও নাঙ্গলমোড়া ইউনিয়নের আমিন মাঝির বাড়ির মৃত জসিম উদ্দিনের স্ত্রী শিরু আক্তার (৪৫)।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, রাত সাড়ে ৯টার দিকে চৌধুরীহাটের পশ্চিমে ফকির খীল ঠান্ডাছড়ি এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য লাশটির চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত জাফরের পরিবারের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (গতকাল বিকাল ৪টা) কোন অভিযোগ বা মামলা রুজু হয়নি। তবে, প্রত্যক্ষভাবে হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।