হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে ঝটিকা মিছিল করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গতকাল সোমবার ভোরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই ২নং ওয়ার্ড এলাকার মো. আকতার হোসেন (২৩), ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার মো. শাহাদাত হোসেন (৪৪), দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনস্থ নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।
জানা যায়, গত রবিবার ভোর সকালের দিকে চিকনদন্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ ১২ থেকে ১৫ জন নেতাকর্মীসহ ৩ মিনিটব্যাপী একটি মিছিল বের করে। তবে মিছিল শেষ করেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মিছিলের ভিডিওতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার দেখা গেছে এবং মিছিলে থাকা কয়েকজনের মাথায় হেলমেট পরিহিত ছিল। এছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নেয়। পরে পুলিশ ভিডিও দেখে বর্তমান সরকারের বিরুদ্ধে উষ্কানীমূলক কার্যকলাপসহ দেশের নিরাপত্তা বিঘ্ন করে বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক, বিদ্বেষমূলক, কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে বর্তমান সরকারের প্রতি জনমনে ঘৃণা ও আতংক ও ভীতি সৃষ্টি করার অপরাধে উল্লেখিত ৪ জনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
অপরদিকে পৃথক অভিযানে অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার দায়ে হাটহাজারী ও কক্সবাজার জেলার রামু এবং হাটহাজারী এলাকার মো. শফি আলম (৩৫) ও মো. আরিফ (৩০) নামের দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া তাদের গ্রেপ্তারের বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।











