হাইওয়ে সুইটসের মিষ্টিতে মরা তেলাপোকা

1

নিজস্ব প্রতিবেদক

নগরীর লালখান বাজারে হাইওয়ে সুইটসের মিষ্টির সিরায় অসংখ্য মরা তেলাপোকা পাওয়া গেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।
উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, হাইওয়ে সুইটসের মিষ্টির সিরায় ছোট-বড় নানা ধরনের মরা তেলাপোকা পাওয়া গেছে। এছাড়া দোকানটির রান্নাঘর ও প্রস্তুত প্রক্রিয়ার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যায়। ওরেগানো মোনাফা ভান্ডারী মার্কেট নামে দোকানে মেয়াদবিহীন খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা, মুক্তি ফার্মেসিকে পণ্যের মোড়ক বিধি লঙ্ঘনের কারণে ১০ হাজার টাকা এবং নিউ প্রিন্স হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাদ্যপণ্যে অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।