কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে নতুন করে একটি ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছে। ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলায় টাকা তছরুপের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাদের অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। সোনিয়া ও রাহুল ছাড়াও আরও সাতজনের বিরুদ্ধে ৩ অক্টোবর মামলা রুজু করে তারা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মামলার অভিযোগপত্রে রাহুল ও সোনিয়া ছাড়াও নাম রয়েছে কংগ্রেস নেতা স্যাম প্রিতোদা, সুমন দুবে, সুনীল ভান্ডারি এবং এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। একই সঙ্গে বিবাদী করা হয়েছে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড, ইয়ং ইন্ডিয়ান এবং ডোটেক্স মার্চেন্ডাইজার প্রাইভেট লিমিটেডকে। অভিযোগে বলা হয়েছে, কৌশলে প্রতারণার মাধ্যমে এখন বন্ধ হয়ে যাওয়া ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মূল প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড দখলের ষড়যন্ত্র করা হয়েছিল।
এফআইআরে বলা হচ্ছে, কলকাতাভিত্তিক কথিত শেল কোম্পানি ডটেক্স মার্চেন্ডাইজ অলাভজনক কোম্পানি ইয়ং ইন্ডিয়ানকে এক কোটি রুপি দিয়েছিল। কংগ্রেসের দুই নেতা রাহুল ও সোনিয়া এই ইয়ং ইন্ডিয়ান কোম্পানির ৭৬ শতাংশ শেয়ারের মালিক। এই লেনদেনের সাহায্যে ইয়ং ইন্ডিয়ান কংগ্রেসকে মাত্র ৫০ লাখ রুপি দিয়েই আনুমানিক দুই হাজার কোটি রুপির সম্পদের মালিক এজেএলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। ভারতের অর্থ পাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) ধারা ৬৬ (২) অনুযায়ী, ইডি যে কোনো সংস্থাকে কোনো সম্ভাব্য অপরাধ নিয়ে তদন্ত ও অভিযোগ দায়ের করতে নির্দেশ দিতে পারে। দিল্লির আদালত ন্যাশনাল হেরাল্ড মামলায় সিদ্ধান্ত ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার এক দিন পর এই এফআইআরটি সামনে আসে।











