নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেইসবুক একাউন্ট ও ইউটিউব চ্যানেল খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গতকাল সোমবার আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টায় অনলাইনে এসব ‘মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা’ প্রচার করা হচ্ছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সেনা মোতায়েনের প্রথম দিন আইএসপিআরের পক্ষ থেকে এমন বিবৃতি এল। খবর বিডিনিউজের
বাংলাদেশ সেনাবাহিনীর ‘অফিসিয়াল’ ওয়েবসাইট এবং সোশাল মিডিয়া আইডি কোনগুলো তা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এগুলো ব্যতিত অন্যান্য সকল ভুয়া ওয়েব সাইট, ফেইসবুক পেইজ বা ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল। সেনাবাহিনীর সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার না করতেও সবাইকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআরের ওয়েবসাইটে তিন বাহিনীর ওয়েব লিংক থাকলেও কোনো বাহিনীর সোশাল মিডিয়া আইডি বা কোনো বাটন নেই। তবে আইএসপিআরের নিজস্ব ফেইসবুক ও ইউটিউব চ্যানেলের সোশাল বাটন সেখানে রয়েছে।
গত জুন মাসে সেনাবাহিনীর আয়োজিত একটি কর্মশালায় সঙ্কটকালীন পরিস্থিতিতে গুজবের মত ঘটনা মোকাবেলায় ফেইসবুক ও টুইটারে সশস্ত্র বাহিনীর সক্রিয় উপস্থিতির পক্ষে মত দিয়েছিলেন গণমাধ্যম কর্মীরা। এতে সশস্ত্র বাহিনী ও গণমাধ্যমের দূরত্ব কমে আসার পাশাপাশি গুজবের মতো ঘটনা মোকাবেলা সহজ হবে বলে মতামত দিয়েছিলেন তারা।










