বান্দরবান প্রতিনিধি
আগামি ২৬ ডিসেম্বর বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটি। গতকাল সোমবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে কলেজের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য সচিব ওমর ফারুক রাশেদ উপস্থিত থেকে আয়োজনের বিস্তারিত তথ্য সাংবাদিকদের অবগত করেন।
এসময় উদ্যাপন কমিটির সদস্য সচিব জানান, ১৯৭৫ সালে পার্বত্য জেলা বান্দরবানের শিক্ষার্থীদের উন্নত শিক্ষার প্রসারে যাত্রা শুরু করে বান্দরবান সরকারি কলেজ। দীর্ঘ পথচলায় এই কলেজ আজ ৫০ বছর পার করছে। সাফল্যের এই অগ্রযাত্রায় এই কলেজে অধ্যয়নরত অনেক শিক্ষার্থীই আজ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, প্রভাষকসহ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে আসীন রয়েছে। আর এই সাফল্যের ধারা অব্যাহত রাখা এবং অতীত ও বর্তমান সকল শিক্ষার্থীদের মিলনমেলার জন্য আগামি ২৬ ডিসেম্বর বান্দরবান সরকারি কলেজে দিনব্যাপী নানা আয়োজনে উদ্যাপন হবে সুবর্ণ জয়ন্তী।
উদ্যাপন কমিটির সদস্য সচিব আরও জানান, এই আয়োজনে অংশ নিতে সকল শিক্ষার্থীকে ২৫ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আর সুবর্ণ জয়ন্তীর এই আয়োজনে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলার পাশাপাশি বর্ণাঢ্য র্যালি, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনসহ দিনব্যাপী নানা আয়োজনে মুখর হবে কলেজ প্রাঙ্গণ।
সংবাদ সম্মেলনে বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান সরকারি কলেজের প্রভাষক মেহেদী হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










