সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ড সড়ক দুর্ঘটনায় স্বপ্না আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশের গুল আহমদ জুট মিলস্ এলাকারয় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার বাঁশবাড়িয়া আকিলপুর এলাকার কামরুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
নিহত নারীর আত্মীয় আশরাফ শোভন জানান, বিকালের দিকে সম্ভবত স্থানীয় এক ডাক্তারকে দেখাতে কুমিরা এলাকায় যান তিনি। ডাক্তার দেখিয়ে বাড়ি আসার জন্য গুল আহাম্মদ জুট মিলস্ এলাকায় সিএনজি অটোরিকশা থেকে নামলে দ্রুতগতির একটি মোটরসাইকেল উনাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিক সড়কের পাশে থাকা কুমিরা ফায়ার সার্ভিসের জোয়ানরা উনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উনি দুই সন্তানের জননী। একটি ছেলে এইচএসসি পাশ করেছে, আরেকজন ক্লাস এইটে পড়ে।
সীতাকুন্ডের কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা হওয়ার সাথে সাথে আমাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে চমেক হাসপাতালে আহত নারীকে প্রেরণ করেছি। পরে শুনেছি কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন।
সীতাকুন্ডের বার-আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি শুনে আমি চমেক হাসপাতালে আমার এক পুলিশ পাঠিয়েছি। তিনি গিয়ে নিশ্চিত হন কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর আহত নারী মৃত্যুবরণ করেন। আমরা আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করব।’











