সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে পুকুরে ডুবে মো. শাহীন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের সিরাজ ভূইয়া রাস্তার মাথা এলাকার হোসেনুজ্জামান এর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় মো. নিজাম উদ্দিনের পুত্র।
জানা যায়, দুপুরের ভাত খাওয়ার পরে বাড়ির সদস্যরা যখন বিশ্রাম নিচ্ছিলেন ঠিক সেই সময় সকলের চোখ ফাঁকি দিয়ে শাহীন পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির লোকজন শিশুটিকে পুকুরে ভাসতে দেখে। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় বাসিন্দা আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে দুপুরের দিকে পুকুরে পড়ে শিশুটি মারা যায়।











