সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কুমিরা-সীতাকুন্ড রেল সেকশনের মধ্যবর্তী ঢাকাগামী আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুন্ড রেলওয়ে জিআরপি পুলিশের ইনচার্জ মো. আশরাফ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (বুধবার) বিকেলে কুমিরা-সীতাকুন্ড সেকশনের একটি ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।
আমরা লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট পরবর্তী ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আপ রেললাইনের উপর ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে অজ্ঞাত লোকটি ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশটির পরিচয় পেতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।