সীতাকুন্ডে কৃষিজমিতে পড়া ধাতব বস্তুটি সরানো হয়নি

2

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে কৃষিজমিতে পড়া ধাতব বস্তুটি গতকাল বুধবার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। সেনাবাহিনীর একটি টিম সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত দীর্ঘ ছয় ঘণ্টা চেষ্টা চালালেও বস্তুটি উদ্ধার করা যায়নি। আজ সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি টিম আজ (বুধবার) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে। এসময় আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু ধাতব বস্তুটি কি তা শনাক্ত করা যায়নি, তাই এলাকায় জনসাধারণকে ঘটনাস্থলের আশ-পাশে ঘুরাঘুরি বা না যাওয়ার অনুরোধ করে মাইকিং করা হয়েছে। উদ্ধার অভিযান আজকের (বুধবার) জন্য সমাপ্তি হলেও আগামীকাল (আজ) সকাল থেকে ফের চলবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের পিএইচপি গেটের পশ্চিম পাশে সোনালীপাড়া এলাকার কৃষিজমিতে বিকট শব্দে একটি ধাতব বস্তু পড়ে মাটির গভীরে ঢুকে যায়। পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু সন্ধ্যা নামায় উদ্ধার অভিযান বন্ধ করে উনারা চলে যান। ফের আজ (বুধবার) সকাল থেকে সেনাবাহিনীর টিম উদ্ধার অভিযান শুরু করে।