সিআইইউতে এসএপিএল ও আইএসএটিএল এর ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম বিষয়ক সেশন

2

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-তে অনুষ্ঠিত হয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড (এসএপিএল) ও ইস্পাহানী সামিট এলায়েন্স টার্মিনালস লিমিটেড (আইএসএটিএল) এর ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম বিষয়ক পরিচিতিমূলক সেশন। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, প্লেইসমেন্ট অ্যান্ড এলামনাই রিলেশন্স অফিস (সিজিপিএন্ডএআর) এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিআইইউ মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানভির ইমাম, কো-অর্ডিনেটর, ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম, এসএপিএল ও আইএসএটিএল; মো. মহিনুল হক, সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশন, এসএপিএল; এবং রুমি সেন গুপ্ত, সহকারী মহাব্যবস্থাপক ও প্রধান, মানবসম্পদ বিভাগ, এসএপিএল। সেশনটি সঞ্চালনা করেন সিআইইউ-এর সহকারী রেজিস্ট্রার রুমা দাস।
বক্তারা জানান, লজিস্টিকস ও সাপ্লাই চেইন খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী নবীন স্নাতকদের জন্য এসএপিএল ও আইএসএটিএল-এর ১২ মাসব্যাপী ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম একটি চমৎকার সুযোগ। প্রোগ্রামটির জন্য প্রার্থীদের তিন ধাপের মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সফলভাবে নির্বাচিত ট্রেইনিরা এসএপিএল ও আইএসএটিএল-এর টিমে যোগদানের সুযোগ পাবেন। বক্তারা আরও জানান, অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনকারী ট্রেইনিদের জন্য রয়েছে প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরির সম্ভাবনাও।
সেশনের শেষাংশে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা কর্পোরেট জগতে প্রবেশ, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে তাদের প্রশ্ন উপস্থাপন করেন। এসএপিএল ও আইএসএটিএল-এর প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রশ্নের বিস্তারিত ও দিকনির্দেশনামূলক উত্তর প্রদান করেন।
সিজিপিএন্ডএআর অফিসের আয়োজনে এই সেশন শিক্ষার্থীদের শুধু ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম সম্পর্কেই নয়, বরং আধুনিক কর্পোরেট জগতের চাহিদা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার উন্নয়নের বিষয়ে বাস্তব ধারণা প্রদান করেছে। বিজ্ঞপ্তি