সালাহউদ্দিনের ‘আশ্বাসে’ অনশন ভেঙে হাসপাতালে তারেক

2

পূর্বদেশ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজমতার দলের সদস্য সচিব তারেক রহমান। এরপর তাকে হাসপাতালে পাঠান সালাহ উদ্দিন আহমেদ। গতকাল রবিবার রাত সাড়ে ৮ টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে সালাহ উদ্দিন আহমেদ এই অনশন ভাঙান।
এ সময় তিনি তারেককে বলেন, ‘আগামিকাল আপিল আবেদন করবে। আর কয়েকটি অফিসের মধ্যে সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত’। এরপর তাকে বুঝিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেন তিনি। খবর বাংলা ট্রিবিউনের
এর আগে দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তারেককে অনশন ভেঙে আপিল করার আহবান জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়’।
তিনি বলেন, ‘আইনগতভাবে আমাদের দিক থেকে যতটুকু বলা প্রয়োজন, আমরা তা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন, এবং যেসব ঘাটতি আছে, তা পূরণ করতে পারেন’।
ইসির সিনিয়র সচিব আরও বলেন, ‘একটি নিবন্ধন না মঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়, আর দলটি কিছু জায়গায় বলছে তারা তাতে একমত নয়। সেটি স্বাভাবিক। সেক্ষেত্রে তারা পুনর্বিবেচনা বা সংশোধনের জন্য আবেদন করতে পারে। আবেদন করলে কমিশন তা বিবেচনা করবে কিনা- সেটি পরবর্তী বিষয়’।
তিনি বলেন, ‘আমি মনে করি কেউ যদি কোনো বিষয়ে সংক্ষুব্ধ থাকেন, তিনি যেকোনো সময় পুনর্বিবেচনার আবেদন করতে পারেন’।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চ‚ড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে ছিটকে পড়ে তারেক রহমানের ‘আম জনতার দল’। এরপর বিকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে অনশনে বসে যান তারেক।