সাতকানিয়ায় যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা আটক

1

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় যৌথ অভিযানে রাতে ২২ রোহিঙ্গা যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর। গত শুক্রবার গভীর রাতে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ছদাহা ইউনিয়নে অভিযান চালিয়ে নির্মাণ কাজে নিয়োজিত ১০ জন রোহিঙ্গাকে আটক করে প্রশাসন। পরে কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকায় অবস্থিত একটি ইটভাটা থেকে আরও ১২ জন রোহিঙ্গা শ্রমিককে আটক করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতভর অভিযানে মোট ২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করছিল। আটককৃতদের পরিচয় যাচাই করে সাতকানিয়া থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন, রোহিঙ্গারা যেন ক্যাম্পের বাইরে গিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হতে না পারে, এ জন্য নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।