সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

2

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত সোয়া ৮ টার দিকে কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আহমেদ হোসেন (৫২)। তিনি একই এলাকার জলিল বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আহমেদ হোসেনের সঙ্গে তার বড় ছেলে রিয়াদ হোসেনের (২২) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াদ ক্ষিপ্ত হয়ে বাবার গলায় ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আহমেদ হোসেনকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ছেলেকে আটক করতে অভিযান চলছে।