সাগরে গভীর নিম্নচাপ, ফের ঘূর্ণিঝড়ের আভাস

5

পূর্বদেশ ডেস্ক

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এ ঘূর্ণিবায়ুর চক্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ঝড়ো হওয়ার শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপক‚লে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ভোরে নিম্নচাপ এবং বেলা ৯ টার দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়। সন্ধ্যা নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে’। খবর বিডিনিউজের
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯ টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৯৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
সে সময় নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এ গভীর নিম্নচাপ আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হবে’।
ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘দিতওয়া’। নামটি প্রস্তাব করেছিল ইয়েমেন। সোকোত্রা দ্বীপে এই নামে বিখ্যাত একটি লেগুন রয়েছে।