‘উদ্ভাবনে নতুনত্বের ছোঁয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ২৬তম উদ্যোক্তা উন্নয়ন মেলা ও প্রতিযোগিতা-২০২৫। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলামের তত্ত্বাবধানে বিবিএ ৭১ব্যাচ ও এইচটিএম ৩৬তম ব্যাচের উদ্যোগে অ্যাকাডেমিক কোর্সের অংশ হিসেবে ১১ নভেম্বর ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। বেলা ১২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড.মুনাল মাহবুব এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাইফুল আকতার। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম সহ বিভাগের শিক্ষকরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, শিক্ষার্থীরা অধ্যয়নরত অবস্থায় এই ধরনের আইডিয়া নিয়ে কাজ করছে দেখে আমি মুগ্ধ। তাদের মধ্যে উদ্ভাবন ও সৃষ্টিশীলতার মনোভাব রয়েছে। একজন সফল উদ্যোক্তা মানে হাজারো কর্মসংস্থানের সৃষ্টি। এই ধরনের আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীরা চাকরি নেয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে চাকরি দেয়ার মানসিকতা অর্জনে সক্ষম হবে। তরুণ শিক্ষার্থীরা যদি সৃজনশীলতা ও উদ্যোগী শক্তির মাধ্যমে দেশে নতুন নতুন ব্যবসার প্রসার ঘটাতে পারে তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকাংশে বেড়ে যাবে এবং অর্থনীতি শক্তিশালী হবে। বিজ্ঞপ্তি











