সশস্ত্র বাহিনী দিবসে পদক পেলেন ৬৪ সেনা সদস্য

2

পূর্বদেশ ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ৬৪ সেনা সদস্যকে পদক দেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকা সেনানিবাসে ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ আনুষ্ঠানিকভাবে এসব পদক দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর বিডিনিউজের।
স্বাধীনতাযুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত ও মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের আত্মীয়দের সংবর্ধনা দিতে প্রতিবছর সেনাসদর এ অনুষ্ঠান করে থাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আইএসপিআর বলছে, এবার সেনাপ্রধান শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৯ জনকে সেনাবাহিনী পদক (এসবিপি), ১৭ জনকে অসামান্য সেবা পদক (ওএসপি) ও ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক পরিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মুক্তিযুদ্ধকালীন বীরত্ব এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকান্ড তুলে ধরা হয়।