আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে এবার কাফনের কাপড় মাথায় নিয়ে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে তৃণমূল বিএনপির হাজার হাজার নেতা-কর্মী। এ দাবিকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় বিক্ষোভ, মানববন্ধন, কাফনের কাপড় গায়ে দিয়ে মশাল মিছিল, কুশপুত্তলিকা দাহসহ একাধিক কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা। পরিস্থিতি ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আগামি ফেব্রæয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ইতোমধ্যে চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ৬টি আসনে এখনো মনোনয়ন চূড়ান্ত হয়নি।
ঘোষিত কয়েকটি আসনেই প্রার্থী নিয়ে বিরোধ তৈরি হয়েছে। এরমধ্যে আলোচিত হয়ে উঠেছে চট্টগ্রাম-১৩ আসন। গতকাল শুক্রবার বিকেলে সরোয়ার জামাল নিজামকে বয়কটের ডাক দিয়ে এবং তার প্রার্থীতা বাতিলের দাবিতে আনোয়ারা উপজেলার চায়না রোড মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তৃণমূল নেতা-কর্মীরা। মিছিলটি চৌমুহনী মোড়ে গিয়ে জনসমাবেশে রূপ নেয়। বিক্ষোভ মিছিলে আনোয়ারা-কর্ণফুলীসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়। এসময় নেতা-কর্মীদের মাথায় কাফনের কাপড় ও হাতে ‘বয়কট সরোয়ার জামাল নিজাম’ নামে ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
বিক্ষোভে অংশ নেয়া প্রবীণ বিএনপি নেতা আবুল খায়ের বলেন যত তাড়াতাড়ি সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল করে এ সমস্যা নিষ্পত্তি করা হবে ততই দলের জন্য মঙ্গলজনক হবে। তিনি মনে করেন, ফেব্রæয়ারির ৫ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় আর বেশি নেই। এ মূহুর্তে পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারণা কার্যক্রম চালানো অত্যন্ত জরুরি। মনোনয়ন নিয়ে এ দ্বন্দ্ব বেশিদিন গড়ালে বিএনপিকে চট্টগ্রাম-১৩ আসনটি হারাতে হবে বলে আশংকা করছেন তিনি।
বিক্ষোভে অংশ নেয়া আরো কয়েকজন বিএনপি নেতা জানান, এ আসনে মনোনয়ন পাওয়া সরোয়ার জামাল নিজাম দলের দুঃসময়ে থাকেন বিদেশে আরাম আয়েশে। সুসময়ে এসে অসৎ পন্থায় ভিন্ন কৌশলে মনোনয়ন ভাগিয়ে নেয় বার বার। তিনি একজন বিশ্বাসঘাতক ও সুবিধাবাদী ব্যক্তি। তার সাথে তৃণমূলের নেতা-কর্মীদের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। অচিরেই তাকে দেয়া প্রাথমিক মনোয়ন প্রত্যাহার করে বিএনপির ত্যাগী ও নির্যাতিত কোনো নেতাকে ধানের শীষের প্রতীকে মনোনিত করা দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে কারা নির্যাতিত ও ত্যাগী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রফিক ডিলার, আবুল কাসেম, মোস্তাক আহমেদ, জামাল হোসেন, জয়নাল, কাসেম, সৈয়দ, মুজিব, জীবন, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ ইমন, আবুল কালাম, মো. তারেক, এরশাদ, শফিউল, ইউসুফ, এরফানুর রশীদ, রুবেল, মোহাম্মদ আবছার, হাসান, মহিউদ্দিন, তৌহিদ, নয়ন, মালেক, শামসুল, দস্তগীর, হোসেন, খোরশেদ, জিসান, তুহিন, মালেক, সাগর ও খালেদসহ প্রমুখ।











