রাঙামাটি প্রতিনিধি
পার্বত্য অঞ্চলে সরকার, বাঙালি ও সেনাবাহিনীর সাথে জুম্ম জাতির যে আত্মবিশ্বাসের ঘাটতি তা নিরসনে কাজ করা দরকার বলে মত প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রামের সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা। মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৪২তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতিয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকার সোমবার সকাল ১০ টায় রাঙামাটি শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় পাহাড়ে সরকার, বাঙালি ও সেনাবাহিনীর সাথে তাদের যে আত্মবিশ্বাসের ঘাটতি তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, এভাবেই কি অনন্তকাল চলবে? এভাবে চলতে দেওয়া যায় না, এটা নিরসন হওয়া দরকার। এবং পাহাড়ের মানুষ সেটাই চায়। আমরাও (পাহাড়ি) ভালো নেই, বাঙালিরাও ভালো নেই। তাহলে কেন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না?
সামনে নির্বাচন আসছে, বিগত আ’লীগ সরকার টানা ৩ দফায় ক্ষমতায় ছিলো কিন্তু তারা পার্বত্য চুক্তি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি। এমনকি জুম্ম জাতিকে নিয়ে কোনো কথাই বলেনি। অথচ তাদের সাথেই পার্বত্য চুক্তি হয়েছিলো। অন্যদিকে যে দল এখন অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছে না ক্ষমতায় যাওয়ার জন্য, তারাই আবার বলেছিলো পার্বত্য চুক্তি হলে এই অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে। লং মার্চ করেছিলো তারাই। তিনি আরও বলেন, এমএন লারমা জুম্ম জাতির অধিকার নিয়ে সংগ্রাম করছেন। ১৯৮৩ সালের এই দিনে তাকে নিজ দলের বিদ্রোহীরা হত্যা করে। বাংলাদেশে শেখ মজিব, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল তাহের কে হত্যা করা হয়েছে। এরা সবাই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। তারা সবাই স্বাধীন সার্বভৌমত্ব ও জনমানুষের মুক্তি নিয়ে সংগ্রাম করেছেন। এরা সবাই একইসূত্রে গাঁথা।
সভায় জেএসএস’র রাঙামাটি জেলা শাখার সভাপতি ডা. গঙ্গা মানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা, সিএসটি হেডম্যান ফোরামের সভাপতি ভবতোশ দেওয়ান প্রমুখ।










