পূর্বদেশ ডেস্ক
বাংলাদেশ ব্যাংক নতুন প্রজ্ঞাপনে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-কে তফসিলি ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। গতকাল সোমবার জারি করা কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ)-এর ৩৭(২)(এ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হলো। এর ইংরেজি নাম ‘Sammilito Islami Bank PLC.’ প্রজ্ঞাপনটি জারি করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। খবর বাংলা ট্রিবিউনের।
নতুন ব্যাংকটির তফসিলভুক্তির মাধ্যমে ব্যাংকিং খাতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো আরেকটি প্রতিষ্ঠান, যা সম্প্রতি কয়েকটি দুর্দশাগ্রস্ত ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে গঠিত হয়েছে।










