রাঙ্গুনিয়া প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম বলেছেন রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষ আমার পরিবার। এই অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, তারাসহ সকল ধর্মের মানুষদের নিরাপত্তা, অধিকার ও উন্নয়ন নিশ্চিতে কাজ করছে জামায়াতে ইসলামী। আপনাদের ধর্মীয় উৎসব, পূজামন্ডপ, উপাসনালয় ও সাংস্কৃতিক আয়োজনগুলোকে সহযোগিতা দিয়ে আরও নিরাপদ করা হবে। আপনাদের সন্তানদের শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের মান বাড়াতে বিশেষ পরিকল্পনা নিয়েছি। সেই জন্য প্রয়োজন আপনাদের সমর্থন ও ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আপনারা সেই কাজটি করার সুযোগ দিবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
গতকাল সোমবার বিকেলে চন্দ্রঘোনা মহাজন বটতলে ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি এলাকার হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের খোঁজখবর নেন এবং তাদের নিরাপত্তা, অধিকার, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ‘আমি শুধু নিরাপত্তাই নয়, উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছি। চন্দ্রঘোনা ও আশেপাশের রাস্তাঘাট সংস্কার, বিদ্যুৎ সংযোগের উন্নতি, তরুণদের জন্য ট্রেনিং সেন্টার, স্বাস্থ্যসেবায় বিশেষ মেডিকেল ক্যাম্প এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ঋণ সুবিধা- সবকিছু বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো। রাঙ্গুনিয়াকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে’।










