শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে

2

পূর্বদেশ ডেস্ক

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদন্ডের সাজার রায় বিশ্বের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যমই গুরুত্ব দিয়ে ছেপেছে। দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ নেতা মানবতাবিরোধী যেসব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন কেউ কেউ তারও বিস্তারিত প্রকাশ করেছে।
অনেক গণমাধ্যম আদালতের বিচারকাজ নিয়ে হাসিনার অসন্তুষ্টি ও আপত্তির কথা উল্লেখ করেছে। মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘রায় আগে থেকে ঠিক করা’ বলে তার মন্তব্যের কথাও আছে কোথাও কোথাও। খবর বিডিনিউজের।
বাংলাদেশের অনেক গণমাধ্যমের মতো বিবিসি, ডয়েচে ভেলে ও আল জাজিরা গতকাল সোমবার সকাল থেকেই তাদের অনলাইন ভার্সনে হাসিনার রায় নিয়ে লাইভে ছিল।
‘এক্স বাংলাদেশ লিডার শেখ হাসিনা সেনটেন্সড টু ডেথ ওভার ব্রুটাল প্রোটেস্ট ক্র্যাকডাউন’ শিরোনামের প্রতিবেদনে তারা এ রায়ের এ দিনকে বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে। রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলা শেখ হাসিনার প্রতিক্রিয়াও ছেপেছে তারা।
আল জাজিরায় ‘বাংলাদেশ’স হাসিনা সেনটেন্সড টু ডেথ ফর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি’ শিরোনামের প্রতিবেদনে হাসিনার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অভিযোগের বিস্তারিত আছে। এ রায় বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে ‘গুরুতর প্রভাব’ ফেলবে বলেও মনে করছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশজুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রায়ের পর আদালতচত্বরে আনন্দের হিল্লোল ছড়িয়ে পড়ার কথাও জানায় তারা।
রায়ের আগে হাসিনার ছেলের জয়ের এক বিশেষ সাক্ষাৎকারও ছাপায় তারা। যেখানে বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে সহিংসতা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারিও এসেছে তার কাছ থেকে।
গত বছরের গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়ার অভিযোগে হাসিনার অনুপস্থিতিতে হওয়া বিচারে তাকে যে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে তা এসেছে রুশ গণমাধ্যম আরটি’র খবরেও। রায়ের আগে ধানমন্ডি ৩২ নাম্বার অভিমুখে আওয়ামী লীগ বিরোধীদের বিক্ষোভের কথাও জানিয়েছেন তারা।
ডয়েচে ভেলে তাদের প্রতিবেদনে হাসিনার পাশাপাশি মৃত্যুদন্ডে দন্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতিক্রিয়াও ছেপেছে। যেখানে তিনি বলেছেন, যে আদালত তাদের সাজা দিয়েছে সেটি ‘অবৈধ ও আসাংবিধানিক’।
গত বছরের বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি যুক্তি দেন, নিজেদের বাঁচাতেই আইনশৃঙ্খলা বাহিনী সেসব অস্ত্র ব্যবহার করেছে, এবং সেক্ষেত্রে তারা কোনো অন্যায় করেনি।
প্যারিসভিত্তিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে হাসিনাকে দোষী সাব্যস্ত করে বিচারক গোলাম মর্তুজা মজুমদারের দেওয়া টেলিভিশনে সম্প্রচারিত রায়ের বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে।
এ রায়ের ফলে বাংলাদেশের ‘রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে’ বলে তাদেরকে বলেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিন।
হাসিনার রায় ঘিরে গত কয়েকদিন ধরে ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে পেট্রল বোমা নিক্ষেপসহ নানা ধরনের সহিংসতার খবরে এএফপির প্রতিবেদনে উদ্বেগও জানানো হয়েছে।