কক্সবাজার প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে গতকাল কক্সবাজারে দলটির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। মাঠ ছিল আওয়ামী লীগ বিরোধীদের দখলে। সকাল থেকে বিএনপি-জামায়াত ও এনসিপিসহ তাদের অঙ্গ সংগঠনগুলো খন্ড খন্ড মিছিল করে আওয়ামী বিরোধী নানান স্লোগান দিয়ে রাজপথে অবস্থান নেয়।
তবে এরমধ্যে শিবিরের ব্যতিক্রমী একটি কর্মসূচি সবার নজর কেড়েছে।
কক্সবাজার শিবির সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধান চেয়ে মাইকিং এবং সন্ধানদাতার জন্য আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করে। গতকাল সকালে কক্সবাজার শহরে এই মাইকিং করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্র শিবিরের অবস্থান কর্মসূচি চলাকালে তাদের এক কর্মী হ্যান্ডমাইকে বারবার ঘোষণা দিচ্ছিছিলেন একটি হারানো বিজ্ঞপ্তি! একটি হারানো বিজ্ঞপ্তি! গত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে একজন সত্তর বছরের আপা হারিয়ে গেছে। একটি হারানো বিজ্ঞপ্তি! গত চব্বিশ সালের পাঁচই আগস্ট সত্তর বছর বয়সী একজন দাদি হারিয়ে গেছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওই দাদির খোঁজ পেয়ে থাকেন, তাহলে সরকার-প্রধান বরাবর যোগাযোগ করবেন।
ঘোষণায় আরও বলা হয়, ওই দাদির নাম হাসিনা আপা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি হাসিনা আপার সন্ধান পান, তাহলে আমাদের বরাবর যোগাযোগ করতে পারবেন। সন্ধানদাতা ভাইয়ের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এতে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।










