শুধু দীর্ঘসূত্রতা নয় দুদকে দুর্নীতিও আছে : চেয়ারম্যান

10

পূর্বদেশ ডেস্ক

দুদকে দুর্নীতিও আছে বলে মন্তব্য করেছেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। গতকাল রোববার দুপুরে নগরীর রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে ‘সিলেটে দুদকের গণশুনানি’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আবদুল মোমেন বলেন, দুদকে শুধু দীর্ঘসূত্রতা নয়, দুদকে দুর্নীতিও আছে। সরকারি যত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের অভিযোগ আছে। আমরা ক্রমাগতভাবে সেই বিষয়গুলো সমাধানের চেষ্টা করে যাব। আমরা নিয়মিত রেইড করে যাচ্ছি। আমাদের এই হস্তক্ষেপে কিছুটা তো উপকার হচ্ছে। খবর বিডিনিউজের।
দুদক সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গণশুনানি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া গণশুনানিতে ৭৩টি অভিযোগের বিষয়ে শুনানি হয়। এতে অভিযুক্ত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ লুটকান্ডের ঘটনায় দুদকের প্রাথমিক প্রতিবেদনে রাজনীতিবিদদের নাম আসা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আবদুল মোমেন বলেন, আমরা প্রাথমিক প্রতিবেদনের পর অনুসন্ধান শুরু করি। এটা তো সত্য যে, সাদাপাথর সেখানে ছিল না। পরবর্তী সময়ে ফিরে এসেছে। দিস ইজ ট্রু। কিন্তু ছিল না, এটা তো সত্য। কাজেই এখানে যারা জড়িত, তাদের নাম আপনারা আমাদের চেয়ে আরও বেশি করে জানেন, ভালো করেই জানেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কী তাদের পার্লামেন্টে চান, নাকি চান না?
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় গণশুনানিতে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী অভিযোগের বিষয়ে নানা নির্দেশনা দেন।