শিশুর সুস্থ শরীর, মানসিক বিকাশে দুধের ভূমিকা গুরুত্বপূর্ণ

1

রামু প্রতিনিধি

জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে রামুর মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে দুধ খাওয়ানোর উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর সকালে বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী। রামু উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ অসীম বরণ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি মো. এরফানুল হক চৌধুরী বলেন, ‘শিশুর সুস্থ শরীর, মানসিক বিকাশ ও শিক্ষার অগ্রযাত্রায় দুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন দুধ পান করলে শিক্ষার্থীরা আরও মনোযোগী, সুস্থ ও কর্মক্ষম হয়ে বেড়ে উঠবে।’ তিনি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহŸান জানান।
সভাপতির বক্তব্যে ডাঃ অসীম বরণ সেন বলেন, জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের মূল উদ্দেশ্য হলো পুষ্টি, নিরাপদ খাদ্য ও প্রাণীসম্পদের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা। দুধ মানবদেহের পরিপূর্ণ পুষ্টির অন্যতম উৎস। আমরা শিক্ষার্থীদের নিয়মিত দুধপানে উৎসাহিত করতে প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাব। মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম আজগর হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দুধের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের সংক্ষিপ্তভাবে জানানো হয়। এতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝে দুধ বিতরণ করা হয়। প্রাণীসম্পদ বিভাগ ও ভেটেরিনারি হাসপাতালের এমন যৌক্তিক উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।