কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালি ইউনিয়নে পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রামের উদ্যোগে গতকাল সকাল ১০টা থেকে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা পর্যন্ত চলা এ শিবিরের ব্যবস্থাপনায় ছিল এলিট আই কেয়ার এবং সহযোগিতায় ছিল আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রামের সভাপতি অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। উদ্বোধন করেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সুহাইল সালেহ। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডীন ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন। এলিট কেয়ার হাসপাতালের পরিচালক ডা. দিদার এর নেতৃত্বে শিবিরে আগত রোগীদের চোখ পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রায় ৫০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। রোগীদের দেওয়া হবে উন্নত মানের লেন্স। বিনামূল্যে ঔষধ, চোখের ড্রপ ও চশমা বিতরণ করা হবে। চট্টগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের চিকিৎসা প্রদান করা হয়। সভাপতি অধ্যাপক নুরুল আমিন চৌধুরী বলেন, চক্ষু শিবিরের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে আমরা মানসম্পন্ন চোখের চিকিৎসা পৌঁছে দিতে পেরেছি। ছানি অপারেশন থেকে শুরু করে চশমা-ঔষধ সবই বিনামূল্যে প্রদান করা হচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নে পেকুয়া উপজেলা সমিতি সবসময় কাজ করে যাবে। উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ সুহাইল সালেহ বলেন, মানুষের সেবায় আমাদের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নতমানের লেন্সসহ বিনামূল্যে ছানি অপারেশন-এটি গ্রামীণ মানুষের জন্য বড় সহায়তা। পেকুয়া উপজেলা সমিতির সঙ্গে ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে চাই।
দিনব্যাপী এই চক্ষু শিবিরে শত শত মানুষ চিকিৎসা গ্রহণ করেন। আয়োজকরা জানান, শিগগিরই রোগীদের ছানি অপারেশন ও লেন্স প্রদান প্রক্রিয়া সম্পন্ন হবে। স্থানীয়দের এমন মানবিক সেবার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু সাধারণ সম্পাদক, পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রাম আবদুর রহিম সহ সভাপতি, পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রাম মাহফুজ হক, যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, যুগ্ম সম্পাদক মো সেলিম উদ্দিন, দপ্তর সম্পাদক মজিবুল হক মিয়াজি, কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন, মো. বারেক, শাহেদুল হক, মোসলেহ উদ্দীন, মোহাম্মদ ইলিয়াস, জয়নাল আবেদীন প্রমুখ। বিজ্ঞপ্তি











