শিক্ষক নিয়োগের কোটার প্রতিবাদ রাঙামাটিতে

2

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলা পরিষদে শিক্ষক নিয়োগে কোটা বাতিল ও নিয়োগ বৈষম্যের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার ২ দিন হরতালের ডাক দিয়েছেন কোটা বিরোধী ঐক্য জোট ও রাঙামাটি সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা।
গতকাল বুধবার বিকালে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে হরতালের এই ঘোষণা দেন তারা।
এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রাকিব হাসান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ইব্রাহিম রুবেল, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নুরুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, বিগত দিনে জেলা পরিষদ যে সব নিয়োগ দিয়েছে তাতে চরম অনিয়ম ও দুর্নীতি হয়েছে। চেয়ারম্যান কাজল তালুকদার সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। জেলা পরিষদ চেয়ারম্যান আমাদের কোন কথাই শুনতে রাজি না। পরিষদের চেয়ারে বসে তিনি এমন আচারণ করতে পারেন না। আমরা নিয়োগ বাতিলের কথা বলিনি। আমরা বলছি, কোটা বাতিল করে মেধাবীদের নিয়োগ দিতে হবে। জেলা পরিষদ আমাদের দাবি-দাওয়া না মানায় হরতাল আহবান করতে বাধ্য হয়েছি।
তারা বলেন, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬ পর্যন্ত রাঙামাটি জেলা ও উপজেলা পর্যায়ে হরতাল আহবান করা হয়েছে। হরতাল সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন হরতাল আহব্বানকারীরা।