শাহ পরীর দ্বীপে বড়শিতে ধরা ২০ কেজির কোরাল

1

পূর্বদেশ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ জেটি ঘাট সংলগ্ন নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার সময় কোরাল মাছটি শাহ পরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা মৌলভী মোহাম্মদ মোকাদ্দেসের বড়শিতে ধরা পড়ছে।
মোহাম্মদ মোকাদ্দেস বলেন, ‘কয়েক দিন ধরে নাফ নদীতে জেলেদের বড়শিতে বড় কোরাল মাছ ধরা পড়ছে না। হঠাৎ করে আমার বড়শিতে ২০ কেজি ওজনের মাছটি ধরা পড়ে’। খবর বিডিনিউজের
বড় মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে তা দেখতে স্থানীয় লোকজন ও পর্যটকরা জেটি ঘাটে ভিড় করেন। পরে কোরাল মাছটি দ্বীপে ঘুরতে আসা পর্যটক মুহিব উল্লাহের কাছে কেজি ১ হাজার ৩০০ টাকা দরে ২৬ হাজার টাকায় বিক্রি করেন বলে জানান মৌলভী মোহাম্মদ মোকাদ্দেস।
পর্যটক মুহিব উল্লাহ বলেন, ‘এত বড় জীবিত মাছ দেখে আমার বাচ্চারা বেশি খুশি হয়েছে। তাই শখ করে নিয়ে নিলাম মাছটি। যদিও দাম একটু বেশি পড়েছে। মাছটি বরফ দিয়ে ফ্রিজিং করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছি’।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। এরা সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কখনও কখনও এর চেয়ে বেশি ওজনেরও পাওয়া যায়।
প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন কোরালসহ বড় বড় মাছ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।