নিজস্ব প্রতিবেদক
একটি নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এ নোটিশ গতকাল মঙ্গলবার গণমাধ্যমের কাছে প্রকাশ হয়। নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
গত ২২ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে’ বক্তব্য দিতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে’। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। রাষ্ট্রীয় প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে এমন বক্তব্য দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
এ অবস্থায় সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ‘ইতোপূর্বে বিভিন্ন সময়ে আপনি এই ধরনের সাংগঠনিক ভাবমর্যাদা ক্ষুন্নকারী ও শৃঙ্খলা বিরোধী বক্তব্য রেখেছেন। যার ফলে আপনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে ও পরামর্শ দেয়া হয়েছে। এমনকি মুহতারাম আমীরে জামায়াতও আপনাকে ডেকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সতর্ক করেছেন। এতদসত্ত্বেও আপনার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না’।
নোটিশে আরো বলা হয়, এই বক্তব্য প্রকাশের পর প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তীব্র নিন্দা ও উদ্বেগের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। দেশের কূটনৈতিক মহল থেকেও সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। একই সাথে দেশ-বিদেশে আমাদের জনশক্তি এবং সাধারণ জনগণের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই বক্তব্যের কারণে ইতোমধ্যে সংগঠনের ভাবমর্যাদা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা দলীয় গঠনতন্ত্র, নীতি, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী। উল্লেখিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয় নোটিশে।










